চলতি বছরের প্রথম প্রান্তিকে কমার্জব্যাংকের নিট মুনাফা হয়েছে ৫৮ কোটি ইউরো বা ৬৩ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকের ২৯ কোটি ৮০ লাখ ডলারের চেয়ে যা প্রায় দ্বিগুণ। উচ্চ সুদহারের সুবিধায় নিয়ে ফুলেফেঁপে উঠেছে জার্মানির দ্বিতীয় বৃহৎ ব্যাংকটির নিট মুনাফা। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

ইউরোপের অন্যান্য ঋণদাতার মতো কমার্জব্যাংকও উচ্চ সুদহারে উপকৃত হয়েছে। মূল্যস্ফীতি মোকাবেলায় সাম্প্রতিক মাসগুলোয় অভূতপূর্ব সুদহার বাড়িয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।

গত এপ্রিলে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানির মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশে নেমেছে। গত অক্টোবরে তা ৮ দশমিক ৮ শতাংশ ছুঁয়েছিল।

এপ্রিলে কমার্জব্যাংকের মোট আয় হয়েছে ২৭০ কোটি ইউরো। গত বছরের ২৮০ কোটি ইউরোর চেয়ে যা কম। ২০২১ সালে নয় হাজার কর্মী ছাঁটাই করেছে জার্মানিভিত্তিক ব্যাংকটি।