তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২ দশমিক ৭০ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ৮৫ লাখ ৬০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসইতে গত বৃহস্পতিবার ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৪ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩৭ টাকা ২০ পয়সা থেকে ৬৫ টাকার মধ্যে ওঠানামা করে।

চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সায়। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৩৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৪ লাখ টাকা বা ৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৬ টাকা ৪৫ পয়সায়। 

সর্বশেষ ঋণমান অনুসারে, কোম্পানিটির সিপিএ (দাবি পরিশোধের সক্ষমতা) রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৩ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।