বিভিন্ন পর্যটন প্রকল্পে ৫৪০ কোটি ডলার বিনিয়োগ করছে ওমান। দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় (এমএইচটি) জানায়, ২০২১-২০২৫ সালের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন হবে। এর মধ্যে রয়েছে ১২টি সমন্বিত পর্যটন কমপ্লেক্স, ২৪টি স্থানীয় পর্যটন উন্নয়ন কেন্দ্র ও ১২৪টি হোটেল চালু করা। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ওমানের ঐতিহ্য ও পর্যটনবিষয়ক মন্ত্রী সালেম বিন মোহাম্মদ আল মাহরুকি জানান, অর্থনীতিতে বৈচিত্র্য আনা ও প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আকর্ষণে ঐতিহ্যবাহী স্থাপনা এবং পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমন্বিত পর্যটন কমপ্লেক্সগুলোয় সর্বোচ্চ বিনিয়োগ হবে। এর মধ্যে রয়েছে দ্য ওয়েভ, বার আল জিসাহ রিসোর্ট, ব্লু সিটি, জাবাল সিফাহ ও সালালাহ বিচ রিসোর্ট। দেশটিতে নির্মীয়মাণ রয়েছে ১২৭টি নতুন হোটেল। এর মধ্যে ১৪টি থ্রি স্টার থেকে ফাইভ স্টার প্রকল্প।
ওমান ভিশন ২০৪০ রূপকল্পের আওতায় পর্যটন খাত উন্নয়নে জোর দিচ্ছে উপসাগরীয় দেশটি। চলতি মাসের শুরুতে এক প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখেরও বেশি যাত্রী আগমন হয়েছে। ওমানের জাতীয় তথ্য ও পরিসংখ্যান কেন্দ্র (এনসিএসআই) বলছে, ২০২৩ সালের জানুয়ারিতে স্থানীয় ও আন্তর্জাতিক ফ্লাইট ১৪৩ শতাংশ বেড়েছে।
মাসকাট বিমানবন্দরে যাত্রী এসেছে ১০ লাখ ৫১ হাজার ৯৩০ জন। দুই বছরের মহাবিপর্যয় শেষ চলতি বছরে যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটির পর্যটন খাত, উপাত্তে তা স্পষ্ট। করোনাপূর্ব ২০২০ সালের জানুয়ারিতে এ বিমানবন্দরে ১৪ লাখ ৩০ হাজার যাত্রী আগমন হয়েছিল। সর্বোচ্চ যাত্রী আগমন হয়েছে ভারত থেকে। তার পরই রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।










