পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (টিবিএল) পরিচালনা পর্ষদ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের (টিএডিএল) ২ কোটি ২০ লাখ ৫০ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের (এডিএস) কাছ থেকে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কেনা হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসব তথ্য জানায় ট্রাস্ট ব্যাংক।

তথ্যানুসারে, ওইসব শেয়ারের মধ্যে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৯৯০টি ব্যাংকের নামে এবং ১০টি শেয়ার ব্যাংকের এমডি ও সিইও হুমায়রা আজমের নামে কেনা হবে। এসব শেয়ার কেনার মাধ্যমে টিএডিএল ব্যবস্থাপনার শতভাগ নিয়ন্ত্রণ টিবিএলের কাছে চলে যাবে।  

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ট্রাস্ট ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৩ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৭ কোটি ২১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২৩ কোটি ৫১ লাখ টাকা বা ১৪ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৫ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৫ টাকা ৯২ পয়সা।