জ্বালানি তেলের সরবরাহ পেতে সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি সৌদি আরামকোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চীনের বেসরকারি তেল শোধনাগার ঝেজিয়াং পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল কোম্পানি (জেডপিসি)। এ চুক্তির আওতায় চীনে আসবে ৭৮ লাখ ৮০ হাজার ব্যারেল বা ১০ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড)। গতকাল সরকার নিয়ন্ত্রিত চীনা পত্রিকা ঝুশান ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার সাংহাইয়ে শুরু হয়েছে পঞ্চম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো। এতে উভয় পক্ষের মধ্যে ৫৩০ কোটি ইউয়ান বা ৭৩ কোটি ৫০ লাখ ডলারের চুক্তিটি স্বাক্ষর হয়েছে। তবে কবে নাগাদ চুক্তির কার্যক্রম শুরু হবে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

২০২১ সালে জেডপিসি শোধনাগারে ২ কোটি ৬৫ লাখ টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা হয়েছে। চীনা কোম্পানিটি দৈনিক ৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করে।