একদিকে বাড়তি উৎপাদন, অন্যদিকে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে রফতানি সেই তুলনায় বৃদ্ধি না পাওয়া—এ দুইয়ের জের ধরে চলতি বছরের এপ্রিলে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বাড়তির দিকে ছিল। এ সময় দেশটিতে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ১৮ শতাংশের বেশি বেড়ে ২০ লাখ টন ছাড়িয়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর স্টার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার টনে, যা আগের মাসের তুলনায় ১৮ দশমিক ২৬ শতাংশ বেশি।

চলতি বছরের এপ্রিলে মালয়েশিয়ায় সব মিলিয়ে ১৬ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এমপিওবি। আগের মাসের তুলনায় গত এপ্রিলে দেশটিতে পণ্যটির উৎপাদন বেড়েছে ১৮ দশমিক ২৮ শতাংশ।

তবে উৎপাদন ১৮ শতাংশের বেশি বাড়লেও গত এপ্রিলে মালয়েশীয় পাম অয়েল রফতানিতে সাকল্যে ৪ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। এমপিওবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১২ লাখ ৪০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল রফতানি হয়েছে।

কুয়ালালামপুরভিত্তিক আইবি রিসার্চ ইনস্টিটিউটের এক নোটে বলা হয়েছে, চলতি বছর মালয়েশিয়ায় পাম অয়েলের গড় দাম টনপ্রতি ২ হাজার ৩০০ রিঙ্গিতের আশপাশে অবস্থান করতে পারে।