রাজধানী কারওয়ান বাজারে এটলাস বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ‘এটলাস ইভি’ ব্র্যান্ডের একটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম। এ সময় বিএসইসি ও এটলাস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের টেকসই উন্নয়ন ও সবুজ জ্বালানি ব্যবহারের লক্ষ্যের সঙ্গে এটলাস ইভি উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহন দেশের দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগে বিএসইসি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান মো. আনোয়ারুল আলম ।

এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের যাতায়াত খাতে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। ‘এটলাস ইভি’ ব্র্যান্ডের মাধ্যমে পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক বাইক বাজারে আনা হয়েছে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

প্রথম পর্যায়ে ‘এটলাস ইভি’ সিরিজের চারটি মডেল—S-100, S-90, S-80 এবং S-70—বাজারে আনা হয়েছে। মডেলগুলো দেশের আবহাওয়া ও সড়ক পরিস্থিতি বিবেচনায় ডিজাইন করা হয়েছে। এতে লিকুইড-কুলিং মোটর, গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি এবং টেকসই নির্মাণ সুবিধা যুক্ত রয়েছে। একবার পূর্ণ চার্জে এসব বাইক আনুমানিক ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং বিদ্যুৎ খরচ প্রায় ১৫ টাকা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের ইলেকট্রিক যানবাহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।- বিজ্ঞপ্তি