নিজস্ব ব্যবসা দাঁড় করানোর দিকে ঝুঁকে পড়ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পেশাজীবীরা। ৬০ শতাংশের বেশি পেশাজীবী আমিরাতি স্বাধীন কর্মসংস্থানে প্রবেশ করতে চান। কেউ অর্থনৈতিক উন্নতি চান ও কারো ভেতর স্বাধীনতার আগ্রহ। এমনটাই উঠে এসেছে বাইত ডট কম ও ইউগভের জরিপে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
বাইত ডট কম একটি চাকরিবিষয়ক ওয়েবসাইট। ইউগভ মার্কেট রিসার্চ এজেন্সি। ১৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তারা জরিপ পরিচালনা করে ১৮০০ ব্যক্তিকে দিয়ে। পেশাজীবীরা ছিলেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, লেবানন, জর্ডান ও মরক্কোতে। দেখা গেছে, পেশাজীবীদের ৫৬ শতাংশই ব্যবসা শুরুর কথা ভাবছেন। ২৪ শতাংশ আগেও চেষ্টা করেছেন নিজস্ব ব্যবসা দাঁড় করাতে। মাত্র ৪ শতাংশ কোনো কোম্পানি প্রতিষ্ঠার কথা ভাবেননি। অংশগ্রহণকারী ৪৯ শতাংশরা বলেছেন, তাদের নিজস্ব সন্তুষ্টি ও অসন্তুষ্টিই স্বতন্ত্র ব্যবসার দিকে ঝুঁকে পড়ার পেছনে প্রধান কারণ।
৪৭ শতাংশ তাদের কাজের সঙ্গে জীবনের ভারসম্য স্থাপনের কথা বিবেচনা করছেন। ৪৩ শতাংশ এ সিদ্ধান্তের মাধ্যমে সমাজে বেশি সময় দিতে পারবেন বলে মনে করেন। ৪১ শতাংশ চান নিজেরাই নিজেদের বস হতে। বাইত ডট কমের মানবসম্পদ বিভাগের পরিচালক ওলা হাদ্দাদ দাবি করেছেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল অনেক উদ্যোক্তার বসবাস। তাদের প্রেক্ষাপট ও অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গি অনুধাবন করেই সর্বশেষ জরিপটি তাদের প্রতিকূলতাকে চিহ্নিত করেছে। সফলতা অর্জনে সহযোগিতার জন্য চেষ্টা করা হয়েছে সমাধানের।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজারে পৌঁছেছে গত বছর। অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক জানিয়েছেন, সংখ্যা বাড়ানোর দিকে জোর দিয়েছে ইউএই। ২০৩০ সালের শেষ নাগাদ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর অবদানকে আরো বলিষ্ঠ করে তুলবে। দেশটিতে তেল ব্যতীত বাকি অর্থনীতির ৬৩ দশমিক ৫ শতাংশ ধারণ করে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান। এ খাতের উন্নয়নকে সরকার ৫০ বছরের জন্য দেশটির জাতীয় অর্থনৈতিক কৌশলের অন্তর্ভুক্ত করেছে ।
অক্টোবরে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তা প্রকল্প প্রকাশ করেছিল। সেখানে ২০৩০ সালের মধ্যে কেবল প্রযুক্তি খাতেই আট হাজারের বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের প্রত্যাশা করেন। ২০৩১ সালে মধ্যে অন্তত ২০টি প্রতিষ্ঠান সৃষ্টির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হয়, যাদের অর্থমূল্য হবে ১০০ কোটি ডলারের বেশি। জরিপে অংশগ্রহণকারীদের ৪২ শতাংশ ব্যক্তি আয়ের প্রত্যাশা রাখেন। বিপরীতে ৩২ শতাংশ চান স্বাধীনতা। অবশ্য ২৬ শতাংশ ব্যক্তি নিজস্ব ব্যবসা দাঁড় করানোর চাইতে কোনো কোম্পানিতে যোগ দেয়াকে এগিয়ে রেখেছেন। প্রায় ২৫ হাজার আমিরাতি নারী ৫০ হাজার ব্যবসার মালিকানায় রয়েছেন। যাদের অর্থমূল্য ৬০ বিলিয়ন আমিরাতি দিরহাম।










