চা রফতানিতে প্রবৃদ্ধি এসেছে কেনিয়ার। চলতি বছরের মে মাসে দেশটি ৫ কোটি ৭ লাখ ৬০ হাজার কেজি চা রফতানি করে। এপ্রিলে রফতানির পরিমাণ ছিল ৪ কোটি ৯৪ লাখ ৫০ হাজার কেজি। অনুকূল আবহাওয়ার কারণে দেশটির প্রধান অঞ্চলগুলোতে চায়ের উৎপাদন ভালো হয়েছে। এ কারণেই রফতানিতে লক্ষণীয় সাফল্য পেয়েছে দেশটি। টি বোর্ড অব কেনিয়া (টিবিকে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টিবিকে জানায়, পূর্ব আফ্রিকার দেশটির মে মাসে ৫১টি গন্তব্যে চায়ের জাহাজীকরণ হয়েছে। এপ্রিলে ৪৮টি গন্তব্যে জাহাজীকরণ হয়েছিল।

বিশ্বের তৃতীয় শীর্ষ চা রফতানিকারক দেশ কেনিয়া। ঊর্ধ্বমুখী উৎপাদন চা রফতানি বাড়াতে কেনিয়াকে সহায়তা করেছে। মে মাসে দেশটি সব মিলিয়ে ৪ কোটি ৫৩ লাখ ২০ হাজার কেজি চা উৎপাদন করে। এর আগের মাসে উৎপাদন হয়েছিল ৪ কোটি ৪২ লাখ ৯০ হাজার কেজি। টি বোর্ড জানায়, মে মাসের প্রথম অংশে চা উৎপাদনশীল এলাকাগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। এ কারণে উৎপাদনে প্রবৃদ্ধি এসেছে।

মে মাসে কেনিয়ান চায়ের প্রধান আমদানিকারক দেশ ছিল পাকিস্তান। এ সময় দেশটি কেনিয়া থেকে ২ কোটি ২ লাখ কেজি চা ক্রয় করে। ওই মাসে কেনিয়ান চায়ের অন্যান্য প্রধান রফতানি গন্তব্য ছিল মিসর, রাশিয়া ও নাইজেরিয়া।