উড়োজাহাজে যাত্রী বৃদ্ধি ও ভ্রমণের চাহিদা বাড়ায় চলতি বছর নতুন রেকর্ড ছুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর। বিমানবন্দরটি দিয়ে ২০২৩ সালের প্রথমার্ধে ৭০ লাখেরও বেশি যাত্রী চলাচল করেছে, যা গত বছরের একই সময়ের থেকে ২৪ দশমিক ৪ শতাংশ বেশি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
শারজাহ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের পরিমাণও বেড়েছে। ফ্লাইটের সংখ্যা ৪৬ হাজার ৯০০ ছাড়িয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।
শারজাহ বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলী আল মিদফা বলেন, ‘এ সংখ্যাগুলো শারজাহ বিমানবন্দরের নেতৃস্থানীয় অবস্থান সৃষ্টিতে বিমান ও কার্গো সেক্টরে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নেয়া কৌশলের অংশ। এ হিসাব বিশ্বের ভ্রমণ মানচিত্রে শারজাহর অবস্থানকে আরো শক্তিশালী করেছে।
উড়োজাহাজ চলাচল ও এয়ার কার্গো পরিষেবা বাড়াতে বিমানবন্দরের টার্মিনালের সম্প্রসারণ পরিকল্পনা নেয়া হয়েছে। যার আওতায় বার্ষিক যাত্রী পরিবহন সক্ষমতা ৮০ লাখ থেকে দুই কোটিতে উন্নীত করা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গত মার্চে আল মিডফা জানিয়েছিলেন, ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা মেটাতে প্রচেষ্টার অংশ হিসেবে টার্মিনাল সম্প্রসারণের কাজ চলতি বছরই শুরু করা হবে, যা ২০২৬ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
শারজাহ বিমানবন্দরের এয়ার অ্যারাবিয়া যাত্রী পরিবহন ও ফ্লাইট পরিচালনায় প্রাক কভিড-১৯ সময়কালকেও ছাড়িয়ে গেছে।
প্রবল চাহিদার কারণে ২০২২ সালে রেকর্ড মুনাফা করেছে এয়ারলাইনস কোম্পানিটি। বছরের জন্য নিট মুনাফা দাঁড়িয়েছে ১২০ কোটি দিরহাম বা ৩২ কোটি ৭০ লাখ, যা ২০২১ সালের ৭২ কোটি দিরহাম থেকে ৭০ শতাংশ বেশি।










