উচ্চমূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদের হার নিয়ে উদ্বেগের মধ্যে চলতি মাসে মার্কিন ভোক্তাদের মনোভাব হ্রাস পেয়েছে। এটি ভোগ ব্যয়ে তীব্র মন্দার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউনিভার্সিটি অব মিশিগানের প্রারম্ভিক নভেম্বরের ভোক্তা মনোভাবের সামগ্রিক সূচক ৫৪ দশমিক ৭ পয়েন্টে নেমেছে। এটি অক্টোবরের ৫৯ দশমিক ৯ পয়েন্ট থেকেও কম। গত জুনে সূচকটি রেকর্ড পর্যায়ে নেমে গিয়েছিল। এরপর কয়েক মাসে সূচকটি কিছুটা বাড়লেও চলতি মাসে ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা প্রারম্ভিক এ সূচক ৫৯ দশমিক ৫ পয়েন্টের পূর্বাভাস দিয়েছিলেন।

এদিকে এক বছরের মূল্যস্ফীতির পূর্বাভাস সূচক অক্টোবরের ৫ শতাংশ থেকে চলতি মাসে ৫ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। জরিপে পাঁচ বছরের মূল্যস্ফীতি পূর্বাভাসও অক্টোবরের ২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে নভেম্বরে ৩ শতাংশ হয়েছে। জরিপটি ইঙ্গিত দিচ্ছে যে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থেকে যেতে পারে। যদিও অক্টোবরে ভোক্তা পর্যায়ে দামের চাপ কমার লক্ষণ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে, ভোক্তা মূল্য সূচক অক্টোবরে আশঙ্কার চেয়ে কম বেড়েছে। আট মাসের মধ্যে প্রথমবারের মতো বছরওয়ারি মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমেছে।

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান অর্থনীতিবিদ জেফ্রি রোচ বলেন, বর্তমান পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর পদক্ষেপ ধীর করা প্রয়োজন। এমন আহ্বান জানিয়ে আমরা চিঠিও পাঠিয়েছি। কিন্তু ভোক্তাদের মনোভাবে এমন নিম্নমুখী প্রবণতার পরও সুদের হার বৃদ্ধি ধীর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে।

চলতি মাসে ভোক্তা মনোভাবে এমন অবনতির পরও কিছু অর্থনীতিবিদ মনে করেন, ভোগ ব্যয় সংকুচিত হওয়ার আশঙ্কা কম। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমীক্ষার এ সূচক এখনো প্রাক-কভিডের নিচে রয়ে গিয়েছে। যদিও কনফারেন্স বোর্ডের ভোক্তা আস্থা সূচক প্রাক-মহামারীর ওপরে রয়েছে।

অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান মুডি’স অ্যানালিটিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ স্কট হোয়েট বলেন, মাসিক ভোক্তা মনোভাব এবং প্রকৃত ভোক্তা ব্যয়ের চিত্র যে সবসময় একই হবে তেমন কিন্তু নয়। তাছাড়া ভোক্তাদের বিপুল পরিমাণ অতিরিক্ত সঞ্চয় রয়েছে। সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দেয় যে তারা তাদের সঞ্চয় ভেঙেও ব্যয় করতে ইচ্ছুক।