জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানির সভা আগামী বছরের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪২ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ টাকা ৭০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ৪৪ পয়সা। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ছিল ২৯ টাকা ২৫ পয়সা।