২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ। তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে অ্যাপলের ডিভাইস। সঙ্গে আছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। গত বছরের সব হিসাব-নিকাশ ছাড়িয়ে বিক্রির দৌড়ে সবার আগে রয়েছে আইফোন ১৬।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিক্রীত শীর্ষ ১০টি স্মার্টফোনের তালিকার মধ্যে সাতটিই অ্যাপলের আইফোন। আইফোন ১৬ সিরিজের পাশাপাশি এর আগের সংস্করণগুলোও বিক্রির তালিকায় শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। উদ্ভাবনী প্রযুক্তি আর ব্র্যান্ড ভ্যালুর কারণে বিশ্ববাজারে অ্যাপলের এ একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে বরাবরের মতো অ্যাপলকে টেক্কা দিতে বাকি তিনটি স্থান ধরে রেখেছে স্যামসাং।

আইফোন ১৬-এর পর তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো। এমনকি বছরের শেষ দিকে বাজারে আসা আইফোন ১৭ প্রো ম্যাক্সও চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল গ্যালাক্সি এ১৬ ফাইভজি, যা তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এর ঠিক পরেই ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছে বাজেট ফোন গ্যালাক্সি এ০৬ ফোরজি। স্যামসাংয়ের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৫ আল্ট্রা রয়েছে নবম স্থানে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি, তবে ২০২৪ সালের তুলনায় একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে। আগের বছরও পরিসংখ্যানটি ছিল একই রকম। তালিকার ১০টি স্থানের মধ্যে সাতটি ছিল আইফোনের দখলে আর বাকি তিনটি স্যামসাংয়ের। তবে ২০২৪ সালের তালিকায় যেখানে আইফোন ১৬ ছিল দশম অবস্থানে, সেখানে এক বছরের ব্যবধানে এটি এখন বৈশ্বিক তালিকায় শীর্ষস্থানে।

প্রতিবেদনে আরো দেখা যায়, বছরের শেষ দিকে বাজারে এলেও আইফোন ১৭ প্রো ম্যাক্স দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে।

কাউন্টারপয়েন্ট বলছে, মিড রেঞ্জের স্মার্টফোনে জেনারেটিভ এআই ফিচার যোগ হওয়ায় বাজারটি সম্প্রসারণ হবে। আগে যেসব উন্নত সুবিধা শুধু দামি বা ফ্ল্যাগশিপ ফোনেই পাওয়া যেত, এখন সেগুলোর অনেকটাই কম দামের ফোনেও পাওয়া যাবে।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অ্যাপল ও স্যামসাং ছাড়াও শীর্ষ ১০ স্মার্টফোনের তালিকায় একমাত্র চীনা ব্র্যান্ড ছিল শাওমি। কোম্পানির রেডমি ১৪সি মডেলটি অষ্টম স্থানে জায়গা করে নিয়েছিল।

কাউন্টারপয়েন্টের রিসার্চের তথ্য অনুযায়ী, শীর্ষ ১০-এ থাকা ১০টি স্মার্টফোন ২০২৫ সালের বিশ্ববাজারে মোট বিক্রির ১৯ শতাংশ বা প্রায় এক-পঞ্চমাংশ হিস্যা দখল করে নিয়েছে। বিশ্বজুড়ে কয়েকশ মডেলের স্মার্টফোন বাজারে থাকলেও কেবল ১০টি ডিভাইসের হাতেই রয়েছে পুরো স্মার্টফোন বাজারের একটি বিশাল অংশ।

খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস