শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম আরো এক দফা বেড়েছে। এর মধ্য দিয়ে তেলবীজটির বাজারদর পৌঁছল এক সপ্তাহের সর্বোচ্চে। বিনিয়োগকারীদের শর্ট-কভারিংয়ের কারণে বাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। এদিকে প্রধান প্রধান খাদ্যশস্যের মধ্যে গমের দাম কিছুটা বেড়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে ভুট্টার বাজারও। খবর বিজনেস রেকর্ডার।
বাজার পর্যবেক্ষকরা জানান, দক্ষিণ আমেরিকার শীর্ষ সয়াবিন উৎপাদক দেশগুলো থেকে তেলবীজটির সরবরাহ রেকর্ড মাত্রায় বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনটা না হলে সয়াবিনের বাজার আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠত।
সিবিওটিতে গতকাল সবচেয়ে বেশি লেনদেন হওয়া সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১২ ডলার ৪১ সেন্টে। কার্যদিবসের শুরুতে তেলবীজটির দাম ১২ ডলার ৪২ সেন্টে উঠে গিয়েছিল, যা ১২ জানুয়ারির পর সর্বোচ্চ।
অন্যদিকে গমের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৬ ডলারে। ভুট্টার দাম দশমিক ২ শতাংশ বেড়ে ৪ ডলার ৪৭ সেন্টে উন্নীত হয়েছে।
বিশ্লেষকরা গত বছর খরার কারণে ব্রাজিলে সয়াবিন উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল। সম্প্রতি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় এ উদ্বেগ কাটতে শুরু করেছে। এছাড়া আর্জেন্টিনায় চলতি বছর সয়াবিনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।










