ভারতে জেনারেল মোটরসের (জিএম) গাড়ি নির্মাণ কারখানা অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে রয়েছে হুন্দাই মোটর গ্রুপ। ১৯৯৬ সালে ভারতে প্রবেশের পর এই প্রথমবার প্রতিদ্বন্দ্বী কোম্পানির কারখানা অধিগ্রহণ করতে যাচ্ছে হুন্দাই। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

হুন্দাইয়ের সদর দপ্তর সিউলের একজন কর্মকর্তা জানিয়েছেন, মহারাষ্ট্র সরকারের কাছে ট্যাক্স সুবিধাসহ চুক্তির অন্যান্য শর্তের বিষয়ে একমত হয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি হতে পারে। চুক্তিটি চূড়ান্ত হলে ভারতে হুন্দাইয়ের বার্ষিক উৎপাদন ক্ষমতা নয় হাজার ইউনিটে দাঁড়াবে। যার মধ্যে চেন্নাইয়ের দুটি কারখানা থেকে ৭ লাখ ৬০ হাজার ইউনিট ও জিএম কারখানা থেকে ১ লাখ ৩০ হাজার ইউনিট উৎপাদন হতে পারে।

জিএম কারখানায় উৎপাদন বাড়ানোর ইঙ্গিত দিয়ে হুন্দাইয়ের কর্মকর্তা বলেছেন, ‘‌তিনটি কারখানায় সামগ্রিকভাবে উৎপাদনের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।’

হুন্দাই গ্রুপের অধিভুক্ত কিয়ার দুটি কারখানা রয়েছে ভারতে। যার মোট উৎপাদন ক্ষমতা প্রতি বছর ১০ লাখ ইউনিট অতিক্রম করতে পারে। হুন্দাইয়ের অধিগ্রহণ চুক্তির আগে চীনভিত্তিক গ্রেট ওয়াল মোটরস বা বাওডিংয়ের সঙ্গে চুক্তি ভেঙে যায়।

গাড়ি নির্মাতাদের জন্য ভারত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে। গত বছরের হিসাবে যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের বৈশ্বিক বিক্রয় ২২ শতাংশ, ইউরোপে ১৬, ভারতে ১২ ও চীনে ৬ শতাংশ হয়েছে।

ভারত হুন্দাইয়ের জন্য তৃতীয় বৃহৎ বাজার। গত বছর দেশটিতে রেকর্ড ৮ লাখ ৭ হাজার ৬৭ ইউনিট গাড়ি বিক্রয় হয়েছে। চলতি বছর ভারতে ৮ লাখ ৭৬ হাজার গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে হুন্দাই। এরই মধ্যে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেড় লাখ গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৮ শতাংশ বেশি।