উচ্চশিক্ষার মানোন্নয়নে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ধারাবাহিকতায় একটি সেমিনারের আয়োজন করেছে। বুধবার (২২ অক্টোবর‍) মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আহমেদ মুসতাফা।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই আইএসইউতে দেশ-বিদেশের উচ্চ যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি শিক্ষকদের মানোন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ও পাঠদানে সক্রিয় থাকতে শিক্ষার গুণগত মানের প্রতি আরো মনোযোগ দিতে হবে।

মূল বক্তা প্রফেসর ড. আহমেদ মুসতাফা বলেন, গবেষণা আর শিক্ষকতা পাশাপাশি চলে। ভালো শিক্ষক হতে চাইলে ভালো গবেষকও হতে হবে। না হলে সারাজীবন শুধু লেকচারার হয়েই থাকতে হবে। তিনি আরো বলেন, সত্যিকারের প্রফেসর হতে হলে গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। এ সময় তিনি শিক্ষকদের পেশাগত নেটওয়ার্ক বৃদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা উন্নয়নের পরামর্শ দেন।

‘মেক ইউর টিচিং ভিজিবল’ শিরোনামে অনুষ্ঠিত এ সেমিনারে আইএসইউর শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মো. আবুল কাশেম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. আহমেদ মুসতাফা বর্তমানে যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

—বিজ্ঞপ্তি