তাইওয়ানের পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমএফআইজি গ্রুপ পশুখাদ্য হিসেবে ৬৫ হাজার টনের বেশি ভুট্টা কেনার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে এসব ভুট্টা কেনার লক্ষ্যে একটি দরপত্র আহ্বান করেছে এমএফআইজি গ্রুপ। দরপত্র অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের প্রত্যাশিত ভুট্টা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা অথবা দক্ষিণ আফ্রিকা থেকে সরবরাহ করবে বলে জানিয়েছে। ইউরোপিয়ান ব্যবসায়ীরা গতকাল এ বিষয়টি নিশ্চিত করেন। আজ দরপত্র জমা দেয়ার শেষ দিন বলে জানিয়েছেন এসব ব্যবসায়ী। খবর বিজনেস রেকর্ডার।

ব্যবসায়ীরা জানান, ভুট্টা সরবরাহের ক্ষেত্রে এক চালানের মাধ্যমেই ৪০ হাজার থেকে ৬৫ হাজার টন হলুদ ভুট্টা দিতে হবে বলে দরপত্রে উল্লেখ করা হয়েছে।

এসব ভুট্টা মার্কিন উপসাগরীয় অঞ্চল, ব্রাজিল অথবা আর্জেন্টিনা থেকে সরবরাহ করা হলে ৯ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে জাহাজীকরণ করতে হবে।

তবে যদি মার্কিন প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম উপকূল অথবা দক্ষিণ আফ্রিকা থেকে ভুট্টা সরবরাহ করা হয়, তাহলে জাহাজীকরণের সময় নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত। শিকাগো ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ মূল্য চুক্তি অনুযায়ী দরপত্রে ভুট্টার প্রিমিয়াম দাম আহ্বান করা হয়েছে।

এমএফআইজি গ্রুপ ১৭ মার্চ সর্বশেষ প্রকাশিত দরপত্রে ৬৫ হাজার টন ভুট্টা ক্রয় করেছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা থেকে এসব ভুট্টা কিনেছে।