স্টক এক্সচেঞ্জ ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে যোগ্য ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট বরাদ্দ হয়েছে। গতকাল ডিএসই টাওয়ারে অবস্থিত লিস্টিং হলরুমে এ-সংক্রান্ত অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান, প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক এম মাহফুজুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমিত পাল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিনিয়র অফিসার তানিয়া বেগম, সিডিবিএলের জেনারেল ম্যানেজার রকিবুল ইসলামসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরবর্তী সময়ে ডিএসইর লিস্টিং ডিপার্টমেন্টের হেড মো. রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মো. কামরুজ্জামান বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বরাদ্দের বিষয়টি জানিয়েছেন। ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ কোটি টাকার বিপরীতে ৫৫ কোটি ৬৮ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতি ইউনিটের বিপরীতে দশমিক ৫৬ গুণ।