পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড ও ইনটেক লিমিটেডের পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

এসএস স্টিলের পর্ষদ সভা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

ওইমেক্স ইলেকট্রোডের পর্ষদ সভা আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৯২ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইনটেকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা একই ছিল। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ পয়সা।