এ অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠান দুটি যৌথভাবে দেশে সৌরবিদ্যুৎ প্রকল্পের (পিভি সিস্টেমস) গবেষণা, ডেটা বিশ্লেষণ ও কর্মক্ষমতা পর্যবেক্ষণ করবে। ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমওইউ স্বাক্ষর উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইডকলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরসেদ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এ সমঝোতার লক্ষ্য ইডকলের কারিগরি মনিটরিং অবকাঠামো ও গবেষণাগারের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক গবেষণার সমন্বয় করা। এর মাধ্যমে দেশের সৌরবিদ্যুৎ কেন্দ্র ও রুফটপ সোলার সিস্টেমের প্রযুক্তিগত মূল্যায়ন আরো জোরদার হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এমওইউর আওতায় গবেষক, শিক্ষার্থী ও শিল্প খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এ যৌথ উদ্যোগ থেকে প্রাপ্ত বাস্তব তথ্য ও গবেষণা দেশের সৌর শক্তি খাতে সঠিক বিনিয়োগ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।