আফ্রিকার সাব-সাহারান অঞ্চল থেকে ব্যবসা গুটিয়ে নিতে যাচ্ছে লন্ডনভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (স্ট্যানচার্ট)। পাঁচটি দেশের ব্যবসা নাইজেরিয়ার অ্যাকসেস ব্যাংকের কাছে বিক্রির লক্ষ্যে সম্প্রতি চুক্তিতে সই করেছে। গত বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড আফ্রিকায় ব্যবসা সীমিত করার আভাস দিয়েছিল। খবর রয়টার্স।

স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাঙ্গোলা, ক্যামেরুন, গাম্বিয়া ও সিয়েরা লিওনে থাকা তাদের মালিকানা বিক্রি করে দেবে। তানজানিয়ায় থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রাহক, বেসরকারি ও বাণিজ্যিক 

ব্যাংক ব্যবসাকেও অ্যাকসেস ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড গত বছরের এপ্রিলে বলেছিল, আফ্রিকা ও মধ্য প্রাচ্যের (এএমই) সাতটি দেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেবে। কারণ ব্যাংকটি বেশি মুনাফা তুলতে এ অঞ্চলের শুধু দ্রুত বর্ধনশীল বাজারগুলোয় ফোকাস করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড এক বিবৃতিতে বলেছে, ‘অ্যাকসেস ব্যাংক এ পাঁচ দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নিযুক্ত কর্মচারী, গ্রাহকসহ মূল স্টেকহোল্ডারদের জন্য পুরোদমে ব্যাংকিং পরিষেবা চালিয়ে যাবে।

নাইজেরিয়াভিত্তিক অ্যাকসেস হোল্ডিংয়ের সহায়ক প্রতিষ্ঠান অ্যাকসেস ব্যাংক কিংবা স্ট্যান্ডার্ড চার্টার্ডের কেউই মূল্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

 চুক্তিগুলো কার্যকর হতে প্রতিটি দেশের পাশাপাশি নাইজেরিয়ায়ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন পড়বে।