যুক্তরাষ্ট্রের নিট ভুট্টা রফতানি বেড়েছে। ২০২০-২১ অর্থবছরের এপ্রিলের মাঝামাঝি ভুট্টা রফতানি বিক্রি বেড়ে ৩ লাখ ৮৭ হাজার ৫০০ টনে উন্নীত হয়। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) কর্তৃক প্রকাশিত এক নথিতে এ তথ্য জানানো হয়েছে।

বিক্রির এ প্রবৃদ্ধি এপ্রিলের প্রথম সপ্তাহের তুলনায় ১৮ শতাংশ বেশি। তবে ধারাবাহিক চার সপ্তাহের গড় হিসাব অনুযায়ী এটি ৭৫ শতাংশ কম। বেশির ভাগ বিক্রি সম্পন্ন হয়েছে মেক্সিকোয়। দেশটিতে বিক্রির পরিমাণ ৩ লাখ ৬৬ হাজার ৩০০ টন। এর পরই রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিকে বিক্রির পরিমাণ ১ লাখ ৩৪ হাজার ৬০০ টন। জাপানে মার্কিন মুলুকের ভুট্টা বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৫০০ টন।

২০২১-২২ অর্থবছরের নিট বিক্রি ছিল ২৯ হাজার ৫০০ টন। এ সময়ে ক্রেতা ছিল মেক্সিকো, এল সালভাদর, নিকারাগুয়া ও গুয়াতেমালা।

রফতানি বিক্রি বাড়লেও দেশটির জাহাজীকরণ কমেছে। এক সপ্তাহে ১২ শতাংশ এবং টানা চার সপ্তাহের গড়ে ১৮ শতাংশ কমে জাহাজীকরণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১০ হাজার টনে। এর মধ্যে সবচেয়ে বড় চালানটি ৫ লাখ ৬০ হাজার ১০০ টন ভুট্টা নিয়ে চীনের উদ্দেশে বন্দর ছেড়ে যায়। এছাড়া মেক্সিকোয় ৩ লাখ ২১ হাজার ১০০ ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ২ লাখ ৬৫ হাজার টন ভুট্টার চালান যুক্তরাষ্ট্রের বন্দর ছেড়েছে। গত সপ্তাহে অসাধারণ বিক্রি ও পুঞ্জীভূত রফতানি বেড়ে ৬ কোটি ৬৮ লাখ থেকে ৬ কোটি ৭২ লাখ টনে উন্নীত হয়েছে।