ভিয়েতনাম সরকার যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত গমের ওপর ৩ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটি থেকে আমদানীকৃত ভুট্টার শুল্ক ৫ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে আনার কথাও বলা হয়েছে। গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। এমন ঘোষণায় সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের গম ও ভুট্টা উৎপাদকরা। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

তথ্য বলছে, চলতি বছরের ৩০ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের কৃষিবাণিজ্য সংস্থাগুলো।

মার্কিন হুইট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড্যারেন প্যাজেট বলেন, বর্তমানে বিশ্ববাজারে গমের সরবরাহ সংকট চলছে। লাফিয়ে বাড়ছে দাম। এসব কারণে ভিয়েতনামের উদীয়মান বাজারে চলতি বছরের এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের গম রফতানি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। তাই এ শুল্ক প্রত্যাহার আমার মতো গম উৎপাদকদের জন্য অত্যন্ত তাত্পর্যবহ।

ভিয়েতনাম প্রতি বছর গড়ে প্রায় ৪০ লাখ টন করে গম আমদানি করে। এর মধ্যে ২০২০-২১ বিপণন মৌসুমে দেশটি পাঁচ লাখ টনেরও বেশি বিভিন্ন জাতের গম যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে।

নর্থ আমেরিকান হুইট গ্রোয়ারসের প্রেসিডেন্ট ডেভ মিলিগান বলেন, প্রতি বছর যে পরিমাণ গম উৎপাদন করা হয় তার অর্ধেকই রফতানিযোগ্য। ভিয়েতনামের মতো বর্ধনশীল বাজারগুলোর ওপর অনেকাংশেই নির্ভরশীল যুক্তরাষ্ট্রের খাদ্যশস্য রফতানি।।