ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

তথ্য অনুসারে, গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৩৭ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৬ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেএমআই সিরিঞ্জেস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ৩০ জুন সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০১৭-১৮ ও ২১১৬-১৭ হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন। 

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৫৫ টাকা ৫০ ও ৩৮৯ টাকা ৭০ পয়সা।