আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ ইকরামুল্লাহ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে বিদ্যমান ১০ লাখ ৪২ হাজার ৬৯১টি শেয়ারের মধ্যে ৯ লাখ ৬৫ হাজার ২১০টি শেয়ার বিক্রি করবেন। ডিএসই বিদ্যমান বাজারদরে পাবলিক ও ব্লক মার্কেটে এ শেয়ার বিক্রি করবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মাইডাসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মাইডাস ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ২০২২ হিসাব বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১১ টাকা ৬৪ পয়সা। 

এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ৭ নভেম্বর।