স্বতন্ত্র শাখা হিসেবে বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) ব্যবসার বাজারমূল্য ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে রেনোঁ। এ লক্ষ্যে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি আগামী ২০২৩ সালের কোনো এক সময়ে প্যান-ইউরোপীয় পুঁজিবাজার ইউরোনেক্সট প্যারিসে তালিকাভুক্ত হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যারাবিয়ান বিজনেস।

কয়েকদিনের মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুকা ডি মিও বিনিয়োগকারীদের কাছে এ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপে সম্ভাব্য মন্দার মধ্যেও প্রতিষ্ঠানটি ইভি ব্যবসা বিস্তৃত করছে। প্রতিষ্ঠানটি প্রচলিত জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি থেকে ইভি ব্যবসায় স্থানান্তরে মনোযোগ দিয়েছে। প্রসঙ্গত, গাড়ি নির্মাতা রেনোঁর মোট মূলধনের ১৫ শতাংশের মালিকানা ফরাসি সরকারের।