জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের সকল পর্যায়ের নারী কর্মকর্তা আন্তর্জাতিক নারী দিবস পালন করেছেন। রোববার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গ্র্যান্ডসিটি ব্যাংকুয়েট হলে নারী দিবস পালন করেন তারা। 

আয়োজনে ছিল নারী দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

নারী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী তার স্বাগত বক্তব্যে কর ক্যাডারের সকল নারীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার এবং পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি নারী কর্মকর্তাদের সার্বিক কল্যানের জন্য বিসিএস কর ওমেন ফোরাম গঠনের প্রস্তাব করেন এবং এ অনুষ্ঠানটি বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের বাৎসরিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে বিভিন্ন ওমেন ফোরাম বিকাশ লাভ করলেও বিসিএস কর ক্যাডারে এটি এখনো সম্ভব হয়নি। ভবিষ্যতে একটি ওমেন ফোরাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা আলোচনায় অংশ নেন। এ সময় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ‘কর এবং আর্থিক সক্ষমতার জন্য নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ বিষয়ক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুল আজীম।

বিজ্ঞপ্তি