ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই‌সি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন।

এর আগে গত ৩১ মার্চ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরো এক মেয়াদে পুনর্নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এর পর প্রধানমন্ত্রী তাতে বৃহস্পতিবার স্বাক্ষর করেন।

আগামী ১৬ মে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই তিনি পুনঃনিয়োগ পাচ্ছেন।

২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়েছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বয়স আগামী ১৬ মে ৫৬ বছর ৪ মাস ১৫ দিন হবে। অর্থাৎ তার বয়স ৬৫ বছর পূর্ণ হতে ৪ বছরের বেশি সময় বাকি আছে। সে অনুযায়ী তিনি আরো একটি মেয়াদে চার বছরের জন্য পুনর্নিয়োগের যোগ্য। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী আগামী ১৭ মে, ২০২৪ তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য আরো একটি মেয়াদে বিএসইসি চেয়ারম্যান হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যেতে পারে।