গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিন, সিএফএ ও মার্চেন্ট ব্যাংকগুলোর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ইস্যু ব্যবস্থাপকদের প্রতি দুই বছর পর অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন আনা-সংক্রান্ত শর্ত পরিপালন, নতুন ও ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি, জনস্বার্থ সংস্থাগুলোর সুশাসন নিশ্চিত করার পাশাপাশি পুঁজিবাজারে নিয়ে আসা, তালিকাভুক্তির ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতা ও এর সমাধান, ইস্যু ব্যবস্থাপকদের কাছে থাকা প্রক্রিয়াধীন ইস্যু, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ নিশ্চিতকরণ, বন্ডের মাধ্যমে অর্থায়ন এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ইস্যু ব্যবস্থাপকরা তাদের পাইপলাইনে থাকা প্রক্রিয়াধীন ইস্যুগুলো সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন এবং শিগগিরই পুঁজিবাজারে নতুন কোম্পানি বা আইপিও আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। —বিজ্ঞপ্তি
মার্চেন্ট ব্যাংকগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বিএসইসির সভা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে দেশের সব মার্চেন্ট ব্যাংকের শীর্ষ প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে।










