সম্প্রতি একটি স্থানীয় হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হজযাত্রীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে হজ এজেন্সিগুলোর সঙ্গে অংশীদারত্ব আরো জোরদারের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবুল আলম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ শরিয়ত উল্ল্যাহ শহিদ এবং সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউসিবির চট্টগ্রাম মেট্রো অঞ্চলের প্রধান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামের হজ এজেন্সির প্রতিনিধিরা।

সম্মেলনে সভাপতির বক্তব্যে ইউসিবির এএমডি আবুল আলম ফেরদৌস বলেন, ‘হজ অত্যন্ত সংবেদনশীল একটি ইবাদত। তাই হজযাত্রীদের জন্য নিরাপদ ও সময়োপযোগী আর্থিক সেবা নিশ্চিত করতে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি জানান, দেশব্যাপী ৪২৩ শাখা-উপশাখা ও ৬০২টির বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে চার বছর ধরে ইউসিবি সফলভাবে হজ সেবা দিয়ে আসছে। বর্তমানে হজ কার্যক্রমে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাংক ইউসিবি। ৬১ এজেন্সি দিয়ে যাত্রা শুরু করে ২০২৬ সালে ১০৭টিতে উন্নীত হয়েছে; ২০২৭ সালে দুই শতাধিক এজেন্সিকে সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

সম্মেলনে হজ কার্যক্রমকে আরো সহজ ও নিরাপদ করতে নতুন উদ্যোগ তুলে ধরা হয়। পাশাপাশি দ্রুত সেবা নিশ্চিত করতে ডেডিকেটেড টিম কাজ করবে বলে জানানো হয়।