সপ্তাহের শেষ দিন দরপতনের মধ্য দিয়ে গেছে চীনে আকরিক লোহার বাজার। তবে ব্যবহারিক ধাতুটির সাপ্তাহিক বাজার পরিস্থিতি ছিল চাঙ্গা। সর্বশেষ সপ্তাহে দেশটির ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির গড় দামে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উল্লম্ফন দেখা গেছে। মূলত চাহিদায় চাঙ্গা ভাবের জের ধরে দেশটিতে আকরিক লোহার সাপ্তাহিক বাজারে বড় উল্লম্ফন দেখা দিয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার ও সিনহুয়া।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি টন আকরিক লোহা ৮৩২ দশমকি ৫০ ইউয়ান (চীনা মুদ্রা) বা ১২৫ ডলার ৬৭ সেন্টে বিক্রি হয়েছে। আগের দিনের তুলনায় ব্যবহারিক ধাতুটির দাম কমেছে দশমিক ৮ শতাংশ। তবে সপ্তাহজুড়ে আকরিক লোহার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গত আগস্টের প্রথম সপ্তাহের পর এটাই চীনের বাজারে আকরিক লোহার সাপ্তাহিক দামে সবচেয়ে বড় উল্লম্ফন।
চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। প্রতি বছর বিশ্বজুড়ে উৎপাদিত ইস্পাতের অর্ধেকের বেশি চীনের কারখানায়গুলো উৎপাদন করে। নভেল করোনাভাইরাসের মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে চীনা ইস্পাত শিল্প। দেশটিতে বাড়তে শুরু করেছে শিল্প ধাতুটির উৎপাদন। ফলে চীনের ইস্পাত কারখানাগুলোয় কাঁচামাল হিসেবে আকরিক লোহার চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে ব্যবহারিক ধাতুটির বাজারে। মূলত বাড়তির চাহিদার জের ধরে চীনে তিন মাসের মধ্যে আকরিক লোহার সাপ্তাহিক বাজার পরিস্থিতি সবচেয়ে বেশি চাঙ্গা হয়ে উঠেছে।










