গুরুতর অভিযোগ উঠেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া ও হুন্দাইয়ের বিরুদ্ধে। তাদের তৈরি গাড়িগুলো সহজে চুরি করা যায়। এসব গাড়ি চুরি করার সহজ পদ্ধতির ভিডিও টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ফলে আতঙ্কিত গাড়ির মালিকরা। তারা এ দুটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। মামলা নিষ্পত্তি করার জন্য প্রায় ২০ কোটি ডলার দিতে রাজি হয়েছে কিয়া ও হুন্দাই। গাড়ির মালিক ও দুই নির্মাতা কোম্পানির আইনজীবীরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর দ্য নিউইয়র্ক টাইমস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাড়ির মালিকপক্ষের আইনজীবীরা জানান, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি তাদের তৈরি গাড়িগুলোকে ‘অ্যান্টি-থেফট ডিভাইস’ দ্বারা সজ্জিত করতে ব্যর্থ হয়েছে। ২০১১-২০২২ পর্যন্ত কিয়া ও হুন্দাই কর্তৃক তৈরি বিভিন্ন মডেলের গাড়িতে কোনো ‘ইমবিলাইজার’ নেই। এটি একটি সাধারণ ‘অ্যান্টি-থেফট ডিভাইস’। যদি কোনো গাড়িতে ইমবিলাইজার থাকে, তাহলে সেটি সহজে চালু করা যায় না। গাড়ির ‘স্মার্ট কি’ থেকে একটি কোড না যাওয়া পর্যন্ত গাড়িটি চালু হয় না।
আইনজীবীরা আরো জানান, কিয়া ও হুন্দাইয়ের এ ব্যর্থতার কারণে অনেকেই এখন ভিডিও তৈরি করছেন। অনলাইনে ছড়িয়ে পড়া সেসব ভিডিওতে দেখানো হয়, কীভাবে তারা একটি সাধারণ ইউএসবি কর্ড বা অনুরূপ কোনো ধাতু দিয়ে গাড়ির ইঞ্জিন চালু করে ফেলতে পারছে। তাছাড়া গাড়ির ইগনিশন অ্যাসেম্বলি সহজেই নাগাল পাওয়া যায়।










