এবার বর্ষাকালেও দেশটির আইসক্রিমের বাজারে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘আলট্রা স্মুদ জেলাতো’ ট্রেন্ডের প্রভাবে বেড়েছে আইসক্রিমের চাহিদা। গত দুই সপ্তাহে খাবার সরবরাহের প্লাটফর্ম গ্র্যাবফুডে আইসক্রিমের অর্ডার বেড়েছে ৭০ শতাংশ। গত ১৫-২৯ জুলাইয়ের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। খবর পাতায়া মেইল।

প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে থাইল্যান্ডের ২৫ বিলিয়ন বাথের আইসক্রিম বাজারে নতুন গতি এসেছে। গ্র্যাবফুডে আইসক্রিমের নতুন অর্ডারের ৪০ শতাংশ এসেছে এমন ক্রেতাদের কাছ থেকে, যারা এর আগে প্লাটফর্মটি ব্যবহার করে আইসক্রিম অর্ডার করেননি।

উল্লেখ্য, জেলাতো এক ধরনের বিশেষ ইতালীয় মিষ্টান্ন, যা দেখতে অনেকটা আইসক্রিমের মতো।

থাইল্যান্ডের শীর্ষস্থানীয় খাবার সরবরাহ প্লাটফর্ম গ্র্যাবফুড বলছে, ভাইরাল জেলাতো শুধু অনলাইন অর্ডারেই প্রভাব ফেলছে না। এর প্রভাব পড়ছে সরাসরি দোকানে বিক্রির ক্ষেত্রেও। বড় ব্র্যান্ডের পাশাপাশি বিশেষায়িত আইসক্রিমের দোকান ও ছোট ডেজার্ট ব্যবসাগুলোও এ প্রবণতা থেকে সুবিধা পাচ্ছে।

গ্র্যাব থাইল্যান্ডের ডেলিভারি ব্যবসার ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক জিরাকিত কুয়াংসুকসাথিত বলেন, ‘সাধারণত গরমের মৌসুম বা উৎসবের সময়ে আইসক্রিম বিক্রি বাড়ে। তবে এ বছর বর্ষাকালেও জুলাইয়ে আইসক্রিম বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।’

তিনি বলেন, ‘আলট্রা স্মুদ জেলাতো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আগ্রহ পুরো আইসক্রিম শিল্পে প্রভাব ফেলেছে। এতে বড় ব্র্যান্ড, ছোট এবং বিশেষায়িত জেলাতোর দোকান ও খাবার সরবরাহের প্লাটফর্ম সবাই উপকৃত হচ্ছে।’

শুধু গ্র্যাবফুডে আইসক্রিমের অর্ডারই বাড়েনি। গ্র্যাবমার্টে প্যাকেটজাত আইসক্রিমের অর্ডারও দ্বিগুণ হয়েছে। অনেকে দোকানে বা রেস্তোরাঁয় খাওয়ার পাশাপাশি বাড়িতে খাওয়ার জন্যও আইসক্রিম কিনছেন।