আগামী বছরের জানুয়ারিতে বসরা মিডিয়াম নামে নতুন গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে ইরাকের তেল বিপণন সংস্থা এসওএমও। বিদ্যমান বসরা লাইট গ্রেডের উত্তোলনকে দুটি গ্রেডে বিভক্ত করে এ নতুন মিডিয়াম-সোর গ্রেড তৈরি করা হবে। ক্রেতাদের নোটিস দিয়ে নতুন গ্রেডের এ জ্বালানি তেল রফতানির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় অফসোর বসরা অয়েল টার্মিনাল থেকে রফতারি করা বসরা লাইট গ্রেড থেকেই দেশটির বেশির ভাগ রফতানি ও উপার্জন আসে। গত মাসে ইরাক প্রতিদিন ২ কোটি ৭৭ লাখ ব্যারেল বসরা গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে।
আমদানিকারকদের দেয়া নোটিসে বলা হয়েছে, বিভক্ত হওয়ার পর বসরা লাইট গ্রেডের প্রায় ৩৩ ডিগ্রির এপিআই মাধ্যাকর্ষণ থাকবে এবং বসরা মিডিয়াম মাধ্যাকর্ষণটি হবে প্রায় ২৯ ডিগ্রি। এটা কাতারের আল-শাহিন অপরিশোধিত গ্রেডের মতো হবে। ২০১৫ সালে তৈরি হওয়া বিদ্যমান ভারী অপরিশোধিত এ বসরা গ্রেডের জ্বালানি তেল প্রায় ২৪ ডিগ্রি এপিআই সম্পন্ন।
এপিআই মাধ্যাকর্ষণ হলো তেলের ঘনত্বের সূচক। নিম্নমাধ্যাকর্ষণ সংখ্যার গ্রেডগুলো ভারী হিসেবে বিবেচনা করা হয় এবং এগুলো পরিশোধনের পর পেট্রল ও ডিজেল তুলনামূলক কম পাওয়া যায়। ইরাকি প্রতিষ্ঠানটি আলাদা তিনটি গ্রেডের জ্বালানি তেলের প্রত্যেকটির জন্য অফিশিয়াল বিক্রয় মূল্য নির্ধারণ করে দেবে বলেও জানানো হয়েছে।










