ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ সেলিম। তিনি সাধারণ বীমা করপোরেশনে সহকারি ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানটিতে ফাইন্যান্স, হিসাব, রিইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ও বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সবশেষ মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন।
বীমা খাতে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ সেলিম নন-লাইফ ইন্স্যুরেন্স ডিপ্লোমা ও ইন্স্যুরেন্স বিষয়ে কম্প্রিহেনসিভ কোর্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একজন অ্যাসোসিয়েট ও ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া মোহাম্মদ সেলিম ইন্স্যুরেন্স ও রিইন্স্যুরেন্স বিষয়ে চীন, শ্রীলংকা এবং ইংল্যান্ডে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।—বিজ্ঞপ্তি










