ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠানটি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এ চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা ও গবেষণা উন্নয়ন এবং সেই গবেষণামূলক কাজগুলো উচ্চ মানের জার্নালে প্রকাশ করার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক উভয়ই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন, দক্ষতা ভাগাভাগি ও অনুদান প্রয়োগ করবে। এছাড়াও কৃষি, ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সমাধান নিয়ে একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান, পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ সায়েন্টিস্ট অধ্যাপক মাহমুদুল হাসান এবং পিএনজেড ইনোভেশনের প্রোগ্রাম ম্যানেজার ও ইনোভেশন আইওটি ডিভাইসেস অ্যান্ড অটোমেশনের প্রধান শফিউল আলম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউআইইউয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর) দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে গবেষণার মান ও কার্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৯ সাল থেকে ইউনাইটেড গ্রুপের আর্থিক সহায়তায় আইএআর ৮০ মিলিয়ন টাকারও বেশি গবেষণা ফান্ড করেছে। প্রতিষ্ঠানটি বছরে দুবার গবেষণা প্রস্তাবনা আহ্বান করে। বর্তমানে তারা ১২০টিরও বেশি গবেষণা প্রকল্পে অর্থায়ন করছে।

—বিজ্ঞপ্তি