চলতি বছর যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদন বাড়লেও কমবে সয়াবিন উৎপাদনের পরিমাণ। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) প্রকাশিত সর্বশেষ শস্য উৎপাদন প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

ইউএসডিএ জানায়, ২০২১ সালের জন্য যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৫০৬ কোটি ২০ লাখ বুশেল। এটি ২০২০ সালের তুলনায় ৭ শতাংশ বেশি ও অক্টোবরে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে দেশটির সয়াবিন উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৪৪২ কোটি ৫০ লাখ বুশেল, যা ২০২০ সালের তুলনায় ৫ শতাংশ বেশি, তবে অক্টোবরে প্রকাশিত ইউএসডিএর পূর্বাভাসের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।

ইউএসডিএ জানায়, চলতি বছর দেশটির কৃষি ক্ষেত্রগুলোতে একরপ্রতি ভুট্টার ফলন দাঁড়াবে ১৭৭ বুশেল, যা অক্টোবরে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় দশমিক ৫ বুশেল বেশি। ২০২০ সালের তুলনায় এটি ৫ দশমিক ৬ বুশেল বেশি। একই সময়ে একরপ্রতি সয়াবিনের ফলন দাঁড়াবে ৫১ দশমিক ২ বুশেল, যা অক্টোবরে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় দশমিক ৩ বুশেল কম তবে ২০২০ সালের তুলনায় দশমিক ২ বুশেল বেশি।