ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকার পর আজ দেশের পুঁজিবাজারে পুনরায় লেনদেন শুরু হচ্ছে। আগের সময়সূচি অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে। সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দুইদিন দেশের পুঁজিবাজার বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা চারদিন লেনদেন বন্ধ থাকে।
এর আগে ব্যাংক হলিডে উপলক্ষে গত ৩১ ডিসেম্বর পুঁজিবাজার বন্ধ ছিল। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ থেকে ১৪ জুন টানা দশ দিন এবং শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন বন্ধ ছিল পুঁজিবাজার।
বন্ধের আগে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। গত সপ্তাহের তিন কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। সূচক বাড়লেও এ সময়ে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে।
গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও রেনাটা পিএলসির শেয়ার।










