চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক। দেশটিতে সর্বাধিক সয়াবিন সরবরাহ করে ব্রাজিল। জুলাইয়ে ব্রাজিল থেকে সয়াবিন আমদানির পরিমাণ ৩ দশমিক ৭ শতাংশ কমলেও আগস্টে বেড়েছে। গত বছরের একই মাসের তুলনায় মাসটিতে ৪৫ শতাংশ বেশি ব্রাজিলিয়ান সয়াবিন আমদানি করেছে চীন। তেলবীজটির ব্যপক ফলন হওয়ায় রফতানি বাড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। খবর রয়টার্স।
গতকাল চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে চীন মোট ৯৩ লাখ ৬০ হাজার টন সয়াবিন আমদানি করে, যার মধ্যে ৯০ লাখ ৯০ হাজার টনই এসেছে ব্রাজিল থেকে।
বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ ব্রাজিলে এ বছর প্রত্যাশার চেয়েও বেশি ফলন হয়েছে। ফলে সয়াবিন আমদানিতে আকর্ষণীয় মূল্য ছাড় পেয়েছে দেশটি। চলতি বছর এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকান দেশটি থেকে গত বছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি সয়াবিন এসেছে। যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টনে।
অন্যদিকে, চীনে দ্বিতীয় শীর্ষ সয়াবিন সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটি থেকে আগস্টে গত বছরের একই মাসের তুলনায় আমদানির পরিমাণে কমে গেছে ৫৮ শতাংশ। মাসটিতে আসা সয়াবিনের পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৭৩ টন। তবে প্রথম আট মাসে দেশটি থেকে সয়াবিন আমদানির পরিমাণ গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টনে।










