চলতি বছরের প্রথম ১০ মাসে কাজাখস্তানে পরিশোধিত তামা উৎপাদন ১১ দশমিক ৬ শতাংশ কমেছে। তবে পরিশোধিত দস্তা উৎপাদন ৫ এবং অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত কাজাখস্তানে ৩ লাখ ৫৭ হাজার ৮৪১ টন পরিশোধিত তামা উৎপাদন হয়েছে। সর্বশেষ অক্টোবরে উৎপাদনের পরিমাণ ছিল ৩৩ হাজার ৮৬২ টন। সেপ্টেম্বরের তুলনায় উৎপাদন ২৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এদিকে ১০ মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়ে ৩৭ লাখ ২০ হাজার ১১৫ টনে উন্নীত হয়েছে। পরিশোধিত দস্তা উৎপাদন বেড়ে ২ লাখ ৭০ হাজার ৩৩৪ টনে পৌঁছেছে।










