বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান বিশ্ববিদ্যালয়ের শহীদ সেলিম তালুকদার সেন্ট্রাল লাইব্রেরিতে ১০১টি মূল্যবান বই উপহার দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বইগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এ সময় ফারুক হাসান বলেন, পাঠাভ্যাস ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ফ্যাশন ও টেক্সটাইল খাতের নতুন প্রজন্মকে সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ বইগুলো শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে গবেষণা, সৃজনশীলতা ও আজীবন শিক্ষার প্রতি আরো উৎসাহিত করবে।
অনুষ্ঠানে ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবি খান, আন্তর্জাতিক মানবসম্পদ বিশেষজ্ঞ ড. তাদাশি ওতাকে, বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, বিইউএফটির জনসংযোগ পরিচালক মো. ইমতিয়াজ, লাইব্রেরিয়ান হাজেরা রহমান এবং বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসাইনসহ আরো অনেকে।
বিইউএফটি পরিবার চেয়ারম্যান ফারুক হাসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ উপহার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সমৃদ্ধ করতে ও শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—বিজ্ঞপ্তি










