চাল, গম, ভুট্টা ও তেলবীজসহ খাদ্যশস্য আমদানিনির্ভর দেশ ইরান। বিশ্বজুড়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নানা নিষেধাজ্ঞা থাকায় খাদ্যশস্যের সরবরাহ বাড়াতে চায় দেশটি। এ লক্ষ্যে কাজাখস্তান, ব্রাজিল, রাশিয়া, ইউক্রেন, আজারবাইজান ও ঘানাসহ বিভিন্ন দেশে জমি লিজ অথবা শেয়ার কিনে আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির। কয়েক বছর ধরেই দেশটির সরকারের পক্ষ থেকে এ ধরনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। তবে এ পরিকল্পনা এখন পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে তা জানা যায়নি। খবর তেহরান টাইমস।

ইরানের সাবেক কৃষিমন্ত্রী মাহমুদ হুজ্জাতি দায়িত্বে থাকাকালে জানিয়েছিলেন, বিদেশের মাটিতে ৮-১০ লাখ হেক্টর জমিতে কৃষিপণ্য আবাদের ব্যাপারে বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে। বিষয়টি সরকারি অনুমোদনও পেয়েছে।

ইরানের বর্তমান নির্বাহী কৃষিমন্ত্রী মো. কোরবানি সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকে জানান, দেশের বাইরে কৃষিপণ্য আবাদের এজেন্ডা বাস্তবায়নে ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে।

মার্কিন নিষেধাজ্ঞায় পঙ্গু ইরানের ব্যাংক খাত। ফলে দেশটি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চ্যানেল উন্মুক্ত রাখতে বিনিময় ব্যবস্থাকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে। কোরবানি বলেন, নতুন সরকারের প্রথম ১০০ দিন ব্রাজিল, রাশিয়া, নরওয়ে ও পাকিস্তানের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কিছু চুক্তি সম্পাদন করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে এসব দেশের সঙ্গে কৃষি খাতে বলিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই ইরান আধুনিক কৃষি খাত গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছে।