প্রথম ইউরোপীয় কোম্পানি হিসেবে ৫০ হাজার কোটি ডলার বাজার মূল্যের রেকর্ড স্পর্শ করেছে এলভিএমএইচ। চীনা বিলাসপণ্যের চাঙ্গা বিক্রি ও শক্তিশালী ইউরোয় এমন রেকর্ড স্পর্শ করতে পেরেছে ফরাসি কোম্পানিটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
প্রথম প্রান্তিকে চাঙ্গা বিক্রিতে চলতি মাসের শুরুতে বিশ্বের বৃহত্তম ১০ কোম্পানির তালিকায় জায়গা করে নেয় এলভিএমএইচ। তার দুই সপ্তাহের মাথায় ৫০ হাজার কোটি ডলার বাজার মূল্যের রেকর্ড স্পর্শ করল ফরাসি বিলাসপণ্য বিক্রেতা কোম্পানিটি। সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন এলভিএমএইচ প্রধান বেহনা আহনোঁ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী আহনোঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ২০০ কোটি ডলার।
গত সোমবার এলভিএমএইচের শেয়ারদর শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯০৩ দশমিক ৭০ ইউরোয় দাঁড়িয়েছে। এতে কোম্পানিটির বাজার মূলধন ৪৫ হাজার ৪০০ কোটি ইউরো বা ৫০ হাজার কোটি ডলারের রেকর্ড স্পর্শ করে।










