ভিয়েতনামের কফি রফতানিতে মন্থরতা অব্যাহত। বিনের সরবরাহ কমে যাওয়ার জেরে বেড়েছে দাম। দেশটির প্রধান কফি উৎপাদন অঞ্চলে প্রতি কেজি বিন বিক্রি হয়েছে ৬০ হাজার ৭০০ ডং থেকে ৬১ হাজার ৯০০ ডং মূল্যে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি বিনের দাম ছিল ৬০ হাজার ৩০০ ডং থেকে ৬১ হাজার ৩০০ ডং।
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ভিয়েতনামের কফি ব্যবসায়ী দাবি করেছেন, দাম এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী। যদিও কৃষক ও বহু রফতানিকারক বাড়তি দাম থেকে কোনো প্রকার সুবিধা পাচ্ছেন না। কৃষকরা এর মধ্যেই বিক্রি করে ফেলেছেন কফি বিন। আর মজুদকারীদের জন্য উচ্চ খরচ বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সেপ্টেম্বরে সরবরাহের জন্য রোবাস্তা কফির দাম ২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৩৬ ডলারে স্থির হয়েছে। ৫ শতাংশ ভাঙা রোবাস্তার দাম সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি টন ৪০-৫০ ডলার বেঁধে দিয়েছে ব্যবসায়ীরা। অন্যদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা রোবাস্তা কফি বিনের সেপ্টেম্বরে সরবরাহের জন্য প্রিমিয়ামের দাম নির্ধারিত ছিল ২৭০ ডলার। ব্যবসায়ীদের দাবি, দাম বেশি ছিল। এ মুহূর্তে দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই।
নভেম্বরে সরবরাহ চুক্তির জন্য প্রিমিয়ামের দাম ছিল ৩৬৫ ডলার। জুলাই-আগস্টে সরবরাহের জন্য চুক্তিতে প্রিমিয়ামের দাম ৩৬৫ ডলার। সরবরাহ কম থাকার কারণে রফতানিকারকরা অনেকটা হিমশিম খাচ্ছে। ফলে বৈশ্বিক দামের চেয়েও তুলনামূলক বেড়ে চলছে অভ্যন্তরীণ বাজার দাম।










