পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। প্রতিষ্ঠান দুটি হলো ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস: আর্থিক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৬৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল: আর্থিক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের  প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি ইউনিয়ন ক্যাপিটাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ৯১ পয়সা। আগের হিসাব বছর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ৪ টাকা ১২ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্য একই হারে স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারাহোল্ডাররা। 

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসান ২৩৯ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৩ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৯৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গত মঙ্গলবার ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭ টাকা ৩০ ও ১২ টাকা ২০ পয়সা।