পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। এ ঋণমান আগামী বছরের ৯ মার্চ পর্যন্ত মূল্যায়িত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ওয়ান ব্যাংকের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১০ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ আগস্ট। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ওয়ান ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৪ পয়সায়। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ওয়ান ব্যাংক। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য সাড়ে ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ওয়ান ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও সাড়ে ৫ শতাংশ স্টক লভ্যাংশ।