অস্ট্রেলিয়া থেকে লাইভ ক্যাটল বা জীবিত
গরু ও মহিষ আমদানি স্থগিত করার আদেশ প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। আজ বুধবার
(৬ সেপ্টেম্বর) দেশটির ভেটেরিনারি সার্ভিস বিভাগ এ তথ্য জানায়। খবর ফ্রি মালয়েশিয়া
টুডে।
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়ায়
আমদানি করা কিছু গবাদি পশুর চর্মরোগ ধরা পড়ে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত
মাসে মালয়েশিয়া লাইভ ক্যাটল আমদানি বন্ধ করে দেয়।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের
কাছ থেকে সম্পূর্ণ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং দুই দেশের মধ্যে আলোচনার পর স্থগিতাদেশ
তুলে নেয় মালয়েশিয়া।
লাম্পি রোগের কারণে চামড়ায় ফোস্কা তৈরি
হয় ও দুধ উৎপাদন কমে যায়। অত্যন্ত সংক্রামক এ রোগ পোকামাকড়ের কামড়ের মাধ্যমে ছড়ায়।
যা গরু ও মহিষের মতো গবাদি পশুর জন্য ক্ষতিকর। তবে মানুষের জন্য ঝুঁকি সৃষ্টি করে না।










