রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে পুনরায় লেনদেন শুরু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের। এর আগে বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গত বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একীভূতকরণের স্কিম এরই মধ্যে অনুমোদন করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ ইজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত নির্ধারিত রেকর্ড ডেট ছিল ৩০ জুন।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের ইপিএস হয়েছে ১ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৭২ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ড্রাগন সোয়েটারের ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৮ টাকা ৯৮ পয়সা।










