বায়ুবিদ্যুৎ প্রকল্প নির্মাণে সম্মত হয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আফ্রিকার দেশ মিসর। যৌথ উদ্যোগে মিসরে বায়ু প্রকল্পটি নির্মাণে উভয় দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। বিষয়টির সঙ্গে অবগত এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, সমঝোতা স্মারকটি ইউএইর পক্ষে নবায়নযোগ্য জ্বালানি সংস্থা মাসদারের সঙ্গে স্বাক্ষর হয়েছে। মিসরে ১৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের জন্য জ্বালানি সংস্থাটি ২ হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করবে। এটি বিশ্বের বৃহৎ অনশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলোর একটিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
মাসদারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জামিল আল রামাহি বলেন, এটিই আমাদের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ প্রকল্প। মিসরে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে আমাদের অবদানকে শক্তিশালী করতে পেরে আমরা গর্বিত।
গত রোববার মিসরের শারম আল শেখ নগরীতে শুরু হয়েছে ২৭তম জলবায়ু সম্মেলন কপ২৭। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের প্রায় ২০০টি দেশ এ সম্মেলনে যোগ দিয়েছে। এ সম্মেলন চলাকালেই বায়ুবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণে সম্মত হয়েছে দেশ দুটি। আগামী বছর ইউএইতে কপ২৮ অনুষ্ঠিত হবে।










