জার্মান কোম্পানি বায়োএনটেক এবার সিঙ্গাপুরে এমআরএনএ টিকা উৎপাদন করতে যাচ্ছে। সোমবার বায়োএনটেক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। কভিড-১৯ প্রতিরোধে বিশ্বব্যাপী ব্যবহৃত টিকা ফাইজার বায়োএনটেকেরই তৈরি। খবর রয়টার্স।
কোম্পানিটি জানায়, এশিয়ার মধ্যে সিঙ্গাপুরেই প্রথম বায়োএনটেকের টিকা উৎপাদনের প্রস্তুতি চলছে। তবে কোম্পানিটি কোনো আর্থিক বিবরণ প্রকাশ করেনি।
এক বিবৃতিতে বায়োএনটেক জানায়, নোভারটিস ইউনিট থেকে কেনা মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড বা এমআরএনএ সুবিধা প্রথম পেতে যাচ্ছে সিঙ্গাপুর। এর মাধ্যমে ভারত প্রশান্ত অঞ্চলের জন্য দেশটি টিকা উৎপাদন করতে পারবে।
বায়োএনটেক বলছে, আঞ্চলিক সদর দফতর হিসেবে উৎপাদন দ্বিগুণ হবে। প্রাথমিকভাবে এমআরএনএভিত্তিক টিকা ও থেরাপিউটিকস তৈরি হবে সেখানে। এর মধ্যে করোনার টিকাও থাকবে।
সিঙ্গাপুরে বায়োএনটেকের কার্যক্রম বিস্তৃত করার উদ্দেশ্য হলো, সেল থেরাপির মতো অন্যান্য রোগের ওষুধের উৎপাদন বাড়ানো। এ ছাড়া অস্ট্রেলিয়াতে গবেষণা ও উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বায়োএনটেক। আশা করা হচ্ছে, ২০২৩ সালের মধ্যে পুরোপুরি টিকা উৎপাদনে যাবে সিঙ্গাপুর। আর ২০২৪ সালের মধ্যে শতাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে।










